আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেফাঁস মন্তব্য করে তোপের মুখে থাকা পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলই প্রধানমন্ত্রীর।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, “পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনো কথা নেই। নরেন্দ্র মোদী এসেছেন, তখন কি (তাদের) পররাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হতে পারেন।
প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে আকস্মিকভাবেই বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। অথচ প্রধানমন্ত্রী যাওয়ার আগের দিন তিনি সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন।
ভারতে সাম্প্রতিক এক সফরে মোমেনের বক্তব্য নিয়ে দেশে সমালোচনা উঠেছিল। সেটাই তার সফরে বাদ পড়ার কারণ বলে আলোচনা রয়েছে।
সরকারকে ক্ষমতায় ‘টিকিয়ে’ রাখতে ভারতকে অনুরোধ করা নিয়ে ওই বক্তব্যের কারণে মোমেনের বিরুদ্ধে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে একটি রিট আবেদনও হয়েছে।
Leave a Reply