বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব । আফগানিস্তানের মোহাম্মদ নবিকে টপকে আবারও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ব্যাট হতে নিজেকে মেলে ধরার পুরস্কার পেলেন বাংলাদেশ অধিনায়ক।
পুরুষদের র্যাঙ্কিং বুধবার প্রকাশ করে আইসিসি। ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে সাকিব। দুইয়ে নেমে যাওয়া আফগানিস্তান অধিনায়ক নবির পয়েন্ট ২৪৬।
চলতি মাসে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে ফিফটি করেন সাকিব। মূলত এই দুই ফিফটিই তাকে ফিরিয়ে আনে শীর্ষে।
টি-টোয়েন্টি রাংকিংয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও হেসেছে তার ব্যাট। আর তাতে রেটিং পয়েন্ট বেড়েছে তার (৮৬১ পয়েন্ট)। ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব। আর তিনে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (৮০৮ রেটিং পয়েন্ট)।
বোলারদের র্যাংকিংয়ে কিছু বড় পরিবর্তন এসেছে। দুই ধাপ এগিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন অষ্টম স্থানে। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড।
Leave a Reply