২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। শিশুদের সাইবারবুলিং, প্রতারণা ও যৌন নির্যাতনসহ বিভিন্ন অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের বয়স-নিয়ন্ত্রণ নীতিগুলো পর্যালোচনা করে মালয়েশিয়াও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী বছরের মধ্যে সকল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম সরকার নির্ধারিত নীতিমালা মেনে চলবে।
বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তায় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিভিন্ন দেশ ব্যবহারে কড়াকড়ি বাড়াচ্ছে। অস্ট্রেলিয়া আগামী মাস থেকেই ১৬ বছরের নিচে থাকা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করতে যাচ্ছে। আর ফ্রান্স-স্পেন-ইতালি-ডেনমার্ক-গ্রিস যৌথভাবে একটি বয়স যাচাইকরণ অ্যাপ পরীক্ষা করছে।
মালয়েশিয়াও সাম্প্রতিক বছরগুলোতে ক্ষতিকর কনটেন্ট, অনলাইন জুয়া এবং জাতি–ধর্ম–রাজপরিবার সংক্রান্ত সংবেদনশীল পোস্টের বৃদ্ধির কারণে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মালয়েশিয়ায় আট মিলিয়নের বেশি ব্যবহারকারী থাকা প্ল্যাটফর্মগুলোকে লাইসেন্স নিতে হচ্ছে।
Leave a Reply