আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ব্যতীত অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই।
শুক্রবার (২১ অক্টোবর) তিনি এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একথা বলেন।
তিনি বলেন , বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না। বিএনপিই হলো এদেশের অস্তিত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়। আমরা বলতে চাই, ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষায় মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী আত্মত্যাগ করেছে। এদেশের অর্থবহ অস্তিত্ব ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আওয়ামী লীগ। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক সকল ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সুসংহত হয়েছে। বরং বিরোধিতার নামে বিএনপিই এদেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ব্যালটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের রায় আওয়ামী লীগ সব সময় মাথা পেতে গ্রহণ করেছে। নির্বাচন ব্যতীত অন্য কোনও চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই। নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ।
Leave a Reply