জন্মভূমি থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে এবং এ সংকট সমাধানে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতিসংঘের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরণার্থী বিষয়ক ইউএন হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসস।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইউএনজিএর ৭৭তম অধিবেশনের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান।
গ্রান্ডির সঙ্গে ওই বৈঠকে শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে ইউএনএইচসিআরের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এর জবাবে ফিলিপো বলেন, তিনি দ্রুত মিয়ানমার সফর করবেন।
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমেই এ সংকটের সমাধান সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইউএনএইচসিআর হাইকমিশনারও এ বিষয়ে একমত প্রকাশ করেন।
বৈঠকে তারা বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় ইউএনএইচসিআরের বর্তমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Leave a Reply