‘ভারত জোড়ো’ আন্দোলন মধ্যপ্রদেশে ঢুকলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। আজ শুক্রবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের জুনি থানার অন্তর্গত এক মিষ্টির দোকানের সামনে কে বা কারা এমন হুমকি দেওয়া একটি চিঠি ফেলে গেছে। পুলিশ চিঠিটি উদ্ধার করেছে। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
ভারত জোড়ো যাত্রা এই মুহূর্তে আছে মহারাষ্ট্রে। মধ্যপ্রদেশে প্রবেশ করবে ২০ নভেম্বর। ২১ ও ২২ নভেম্বর বিরতি। ওই সময়ে রাহুল গুজরাটে যাবেন নির্বাচনী প্রচারে অংশ নিতে। ২৪ নভেম্বর রাহুলসহ সবার রাত কাটানোর কথা ইন্দোরের খালসা স্টেডিয়ামে। তার আগেই এই হুমকি। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, কেউ ধরা পড়লে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
রাহুলের প্রাণনাশের হুমকি দেওয়া চিঠি পাওয়া গেলো হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে তার মন্তব্যের পরদিন। মহারাষ্ট্রে যাত্রাচলাকালে গত বৃহস্পতিবার রাহুল বলেন, সাভারকর ব্রিটিশদের কাছে ক্ষমা প্রার্থনা করে মুচলেকা দিয়ে চিঠি লিখে বলেছিলেন, তিনি ইংরেজদের পরম অনুগত থাকবেন। রাহুলের দাবি, সাভারকর শুধু ব্রিটিশদের অনুকম্পাই চাননি, অগণিত স্বাধীনতাসংগ্রামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
রাহুল তার ওই মন্তব্যের সমর্থনে সংবাদ সম্মেলনে সাভারকরের লেখা এক চিঠির প্রতিলিপিও দেখান। তার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। মহারাষ্ট্রে কংগ্রেস–শিবসেনা–এনসিপি জোট রয়েছে। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ওই মন্তব্য প্রসঙ্গে জানান, রাহুলের সঙ্গে তারা একমত নন। তিনি বলেন, সাভারকরের মতো মানুষকে নিয়ে বিতর্কে না জড়ানোই শ্রেয়। মহারাষ্ট্রের জনগণ তা গ্রহণ করবে না। যদিও তারপরেও রাহুল বলেন, তিনি তার মন্তব্য থেকে সরছেন না। আদর্শগত কারণে তিনি অবস্থান পরিবর্তন করবেন না।
লক্ষণীয়, সাভারকরকে নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পরেই এমন হুমকি দেওয়া চিঠি পাওয়া গেল। রাহুলের মন্তব্যের সঙ্গে এর কোনো যোগসাজশ রয়েছে কি না, পুলিশ তা তদন্ত করছে। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়াটুডে
Leave a Reply